পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। রোববার (৩০ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ‘ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে’ তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী জানান, আগামী ১৪ এপ্রিল থেকে ‘ফার্মার্স কার্ড’ বা ‘কৃষক কার্ড’ প্রদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে। এর মাধ্যমে সরকারের ধারাবাহিক প্রতিশ্রুতি বাস্তবায়নের পরবর্তী পদক্ষেপ হিসেবে কৃষকদের জীবনযাত্রার মানোন্নয়নে উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রথম পর্যায়ে দেশের ৮ বিভাগের ৯টি উপজেলার ৯টি ব্লকে কৃষক কার্ড বিতরণ করা হবে। এই উপজেলাগুলো হলো: টাঙ্গাইল সদর, বগুড়ার শিবগঞ্জ, পঞ্চগড় সদর, জামালপুরের ইসলামপুর, ঝিনাইদহের শৈলকুপা, পিরোজপুরের নেছারাবাদ, মৌলভীবাজারের জুড়ী, কুমিল্লা সদর এবং কক্সবাজারের টেকনাফ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) এ কর্মসূচিটি বাস্তবায়ন করবে। কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষকদের ২ হাজার ৫০০ টাকা ভর্তুকি বা কৃষি উপকরণ সহায়তা দেওয়া হবে।