Ridge Bangla

জনবান্ধব পুলিশ গড়ে তুলতে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান

জনগণের আস্থা অর্জন ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের লক্ষ্যে জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

শনিবার (২৮ মার্চ) রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, দেশ একটি ঐতিহাসিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থানের পর গড়ে ওঠা নতুন বাস্তবতায় পুলিশ বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা হবে। এ লক্ষ্যে একটি স্বাধীন পুলিশ সংস্কার কমিশন গঠনের মাধ্যমে নিয়োগ, বদলি ও পদোন্নতিতে মেধা ও জ্যেষ্ঠতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, “জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে। অপরাধীর মনে ভয় ও নিরপরাধ মানুষের মনে নিরাপত্তা তৈরি করতে হবে।”

একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। ডিজিটাল অপরাধ দমনে প্রযুক্তিগত দক্ষতা অর্জনের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, আধুনিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ ও পেশাদার পুলিশ বাহিনী গড়ে তোলা জরুরি।

তিনি আরও বলেন, আইনের চোখে সবাই সমান। রাজনৈতিক পরিচয় বা সামাজিক অবস্থান বিবেচ্য নয়। সততা, শৃঙ্খলা ও জবাবদিহিতার ভিত্তিতেই দায়িত্ব পালন করতে হবে।

This post was viewed: 18

আরো পড়ুন