টানা ১৩ দিনের বিরতির পর ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক আজ রোববার (২৯ মার্চ) থেকে পুনরায় শুরু হচ্ছে। বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। মাত্র দুই কার্যদিবস চলার পর ১৫ মার্চ অধিবেশনটি মুলতবি করা হয় এবং আজ পুনরায় তা শুরু হচ্ছে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এ অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।
অধিবেশনের অন্যতম প্রধান আলোচ্যসূচি হিসেবে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনা অব্যাহত থাকবে। ইতোমধ্যে এই প্রস্তাবের ওপর আলোচনা শুরু হয়েছে এবং মোট ৫০ ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে। এতে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা অংশ নেবেন এবং দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভিন্ন ইস্যুতে মতামত তুলে ধরবেন।
জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশনের বৈঠক অনুষ্ঠিত হবে। গত ১৪ মার্চ অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।