Ridge Bangla

৩০ মার্চ সোমবার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেশের ক্রীড়া খাতের ব্যাপক উন্নয়ন ও ক্রীড়াবিদদের উৎসাহ প্রদানে সরকার নানান ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। বিএনপি সরকার এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহারে দেশের ক্রীড়াবিদদের জন্য বিশেষ সুবিধা চালুর উদ্যোগের কথা বলা ছিল। এবার তারই ধারাবাহিকতায় আগামী ৩০ মার্চ, সোমবার ক্রীড়া কার্ড বা পরিচয়পত্র ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

সেদিন ১২৯ ক্রীড়াবিদের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

শনিবার জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) এক সংবাদ সম্মেলনে আমিনুল হক বলেন, ‘যারা জাতীয় ক্রীড়াবিদ হিসেবে প্রতিষ্ঠিত, দীর্ঘদিন ধরে বাংলাদেশকে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করছেন, তাদের একটি নির্দিষ্ট বেতন কাঠামোর আওতায় এনে নিয়মিত ক্রীড়া ভাতা প্রদান করা হবে। একই সঙ্গে তাদের সম্মানিত করতে সম্মানসূচক ক্রীড়া পরিচয়পত্র বা ক্রীড়া কার্ডও প্রদান করা হবে।’

মন্ত্রী আরও জানান, যারা বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদক অর্জন করেছেন, তাদের বেতন কাঠামোর আওতায় এনে এ ভাতা প্রদান করা হবে।

প্রাথমিকভাবে ১২৯ জনকে এ ভাতা প্রদান করা হবে। পর্যায়ক্রমে ধাপে ধাপে মোট ৫০০ জন ক্রীড়াবিদকে এ ক্রীড়াভাতার আওতায় আনা হবে।

ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, দেশজুড়ে ক্রীড়া উন্নয়নের লক্ষ্যে দেশের ৪৯৫টি উপজেলায় একজন করে ক্রীড়া অফিসার বা ক্রীড়া কর্মকর্তা নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের।

তরুণ প্রতিভা গড়ে তুলতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নামক বিশেষ কর্মসূচির মাধ্যমে সম্ভাবনাময় খেলোয়াড়দের বৃত্তি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

This post was viewed: 6

আরো পড়ুন