মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। এশিয়ার বাজার খোলার সঙ্গে সঙ্গেই আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১১৫ ডলারের সীমা অতিক্রম করেছে।
সর্বশেষ তথ্যে দেখা গেছে, ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়িয়েছে ১১৫ দশমিক ৮৪ ডলার, যা আগের তুলনায় প্রায় ২ দশমিক ৯ শতাংশ বেশি। বিশ্লেষকরা বলছেন, চলমান ভূরাজনৈতিক উত্তেজনার কারণেই এই ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার আগে ইরানকে কেন্দ্র করে তেলের দাম ছিল ব্যারেলপ্রতি প্রায় ৭২ ডলার। এরপর থেকে ধাপে ধাপে দাম বাড়তে থাকে। বিশেষ করে ১৯ মার্চ তেলের দাম সর্বোচ্চ ১১৮ ডলারে পৌঁছায়, যা সাম্প্রতিক সময়ের সর্বোচ্চ পর্যায়।
এরপর কিছুটা কমে গেলেও শুক্রবার পর্যন্ত দাম ১১২ ডলারের কাছাকাছি অবস্থান করছিল। তবে নতুন করে সংঘাতের আশঙ্কা ও সরবরাহ-অনিশ্চয়তার কারণে আবারও দাম বাড়তে শুরু করেছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা আরও বাড়বে।