Ridge Bangla

অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশে আজই রাতে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা

অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ নিয়ে আজ রাতেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। রোববার (২৯ মার্চ) জাতীয় সংসদ সচিবালয়ে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অধ্যাদেশ যাচাই-বাছাই-সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক আজ রাতেই অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে অন্তর্বর্তী সরকারের সময় জারি করা সবগুলো অধ্যাদেশ পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তিনি আশা প্রকাশ করেন, দীর্ঘদিনের এ প্রক্রিয়ার একটি গ্রহণযোগ্য সমাধান পাওয়া যাবে।

এদিকে বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদীন জানিয়েছেন, এখনো ২৪টি অধ্যাদেশ নিয়ে সদস্যদের মধ্যে ঐকমত্য হয়নি। এসব অধ্যাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা করে সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করা হবে আজকের বৈঠকে।

তিনি বলেন, জাতীয় স্বার্থ ও আইনি দিক বিবেচনায় রেখে প্রতিটি অধ্যাদেশ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এ অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের জন্য বিশেষ কমিটি গঠন করা হয়। ওই দিন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সংসদে অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ উত্থাপন করেন।

পরে চিফ হুইপ নুরুল ইসলাম মনি ১৩ সদস্যের একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দেন, যা কণ্ঠভোটে অনুমোদিত হয়।

This post was viewed: 6

আরো পড়ুন