Ridge Bangla

সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে আগ্রহী নেপাল

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে নেপাল। আঞ্চলিক যোগাযোগ সম্প্রসারণ, বাণিজ্য বৃদ্ধি এবং পর্যটন খাতের উন্নয়নকে সামনে রেখে দেশটি বাংলাদেশের সহযোগিতা কামনা করেছে।

রোববার (২৯ মার্চ) সকাল ১১টার দিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা)-এর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি। এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সাক্ষাতে দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। নেপালের রাষ্ট্রদূত তাদের বিমান ও পর্যটন খাতের উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা চান। একই সঙ্গে তিনি সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেন।

প্রস্তাবিত এ পরিকল্পনাকে আঞ্চলিক বিমান যোগাযোগ বৃদ্ধির একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর ফলে বাংলাদেশের উত্তরাঞ্চলের সঙ্গে নেপাল, ভুটান এবং ভারতের কিছু অঞ্চলের সরাসরি যোগাযোগ অনেক সহজ হবে।

এ ছাড়া, আকাশপথে ঢাকা-কাঠমাণ্ডু রুটে ভাড়া নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, যাতে যাত্রী চলাচল আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হয় এবং পর্যটক সংখ্যা বৃদ্ধি পায়।

বৈঠকে পর্যটন খাতের উন্নয়নে বাংলাদেশ ও নেপাল যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়েছে। এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী নেপালকে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

This post was viewed: 6

আরো পড়ুন