ঢাকার বিভিন্ন এলাকায় পাঁচ দিনে তিনটি পৃথক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যা নগরবাসীর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। মগবাজার, উত্তরা ও ভাটারা এলাকায় সংঘটিত এসব ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।
গত বুধবার রাতে অর্থ লেনদেন নিয়ে বিরোধের জেরে ভাটারার কুড়িল বাজার এলাকায় প্রাণ হারান নিরাপত্তাকর্মী রাকিব হাসান (২৪)। সহকর্মী শাকিলের সঙ্গে টাকা নিয়ে তর্ক-বিতর্ক থেকে সংঘর্ষে জড়িয়ে পড়লে একপর্যায়ে মাথায় আঘাত পাওয়ার পর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শাকিল পালিয়ে গেলেও তার সহযোগী মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উত্তরার দক্ষিণ মেট্রো স্টেশনের নিচে বৃহস্পতিবার সকালে ছিনতাইয়ের সময় দুর্ঘটনায় মারা যান মুক্তা আক্তার (২১)। ঈদের কেনাকাটায় বের হয়ে রিকশায় থাকা অবস্থায় প্রাইভেটকারে থাকা ছিনতাইকারীরা তার ব্যাগ টান দিলে তিনি সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে কয়েকটি হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।
মগবাজারের মধুবাগ এলাকায় শুক্রবার রাতে ছুরিকাঘাতে নিহত হয় দশম শ্রেণির শিক্ষার্থী মো. রাব্বি (১৭)। ইফতারের পর বন্ধুদের সঙ্গে আড্ডাকালীন স্থানীয় কয়েকজন কিশোরের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে তার বুকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।