Skip to main content

Ridge Bangla

জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের সন্তানদের স্নাতক পর্যন্ত শিক্ষার ব্যয় বহন করবে সরকার: শিক্ষামন্ত্রী

অভ্যুত্থানে নিহত, আহত ও পঙ্গুত্ববরণকারীদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার সম্পূর্ণ ব্যয় বহনের ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (২৪ মার্চ) ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ‘জুলাই বিপ্লব’-এ শহিদ ও আহত পরিবারের শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষা নিশ্চিত করা হবে।

মন্ত্রী জানান, সরকারের ১৮০ দিনের বিশেষ অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে শিক্ষা খাতে একাধিক উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়ন করা হবে। এর মধ্যে রয়েছে দেশব্যাপী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল ড্রেস ও জুতা বিতরণ, শিক্ষক পর্যায়ে প্রযুক্তি ব্যবহারে সক্ষমতা বাড়াতে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি এবং মাল্টিমিডিয়া ক্লাসরুম সম্প্রসারণ।

এছাড়া তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা, কারিগরি শিক্ষার প্রসার এবং প্রতিটি শিক্ষার্থীর জন্য পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।

পাশাপাশি হাফেজদের বিশেষ স্বীকৃতি প্রদান, উপজেলা পর্যায়ে গণিত অলিম্পিয়াড আয়োজন এবং প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্ক ক্লাব বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

This post was viewed: 35

আরো পড়ুন