দেশের প্রশাসনিক কাঠামোতে বড় ধরনের পদোন্নতির অংশ হিসেবে সিনিয়র সহকারী সচিব পদে উন্নীত হয়েছেন ২৬৪ জন সহকারী সচিব। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এসব কর্মকর্তাকে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১’-এর বিধি ৫(বি) অনুযায়ী সিনিয়র স্কেলে (সিনিয়র সহকারী সচিব) পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্তদের জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী ষষ্ঠ গ্রেডে (টাকা ৩৫,৫০০-৬৭,০১০) অন্তর্ভুক্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) হিসেবে গণ্য হবেন। তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র ই-মেইলে (iapp@mopa.gov.bd) পাঠাবেন।
এতে আরও উল্লেখ করা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ নিজ বর্তমান কর্মস্থলে দায়িত্ব পালন করবেন। প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।