চব্বিশের গণঅভ্যুত্থানে অংশ নেওয়া জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সংক্রান্ত অধ্যাদেশ সরকার গ্রহণ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা করা হবে এবং নির্ধারিত ৩০ কর্মদিবসের মধ্যে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও জনআকাঙ্ক্ষাকে সামনে রেখেই এসব সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, ১৪ সদস্যের বিশেষ কমিটি এসব অধ্যাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা করছে। এর মধ্যে কিছু অধ্যাদেশ দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে, আর কিছু ধাপে ধাপে কার্যকর করা হবে।
বিশেষ করে জুলাইযোদ্ধাদের জন্য ঘোষিত দায়মুক্তির অধ্যাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবে বলে তিনি উল্লেখ করেন।
সালাহউদ্দিন আহমেদ জানান, পূর্ববর্তী সরকারের সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ নিয়েও পর্যালোচনা চলছে। প্রয়োজন অনুযায়ী এসব নাম পরিবর্তনের বিষয়টি আলোচনায় আসবে।