চুয়াডাঙ্গায় গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। সোমবার (২৩ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে যশোর-মাগুরা সড়কের গাইদঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন যশোরের মণিরামপুর বাজারের ইন্টারনেট ব্যবসায়ী মাহমুদ হাসান জাকারিয়া জনি (৪৩), তার বাবা ও মণিরামপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সাবেক পরিচালক আব্দুল মজিদ সরদার (৭৫) এবং জনির চার বছরের মেয়ে শেহেরিশ।
আহতরা হলেন জনির মা মনোয়ারা বেগম (৬০), স্ত্রী সাবরিনা জাহান (৩০) ও ছেলে সামিন আলমাস (১০)। আহতদের উদ্ধার করে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রাইভেটকারটি যশোরের দিকে যাচ্ছিল। পথে গাইদঘাট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এরপর গাড়িটি সড়কের পাশে একটি বটগাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই জনি ও তার বাবা নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, নিহত জনি তার পরিবারের সদস্যদের নিয়ে চুয়াডাঙ্গায় নানাবাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।