দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি সামরিক কার্গো পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। বিমানটিতে মোট ১২৫ জন আরোহী ছিলেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সোমবার পুতোমায়ো বিভাগের পুয়ের্তো লেগুইজামো শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় মেয়র লুইস এমিলিও বুস্টোস জানান, এ পর্যন্ত ৩৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুতোমায়ো বিভাগের গভর্নর জন গ্যাব্রিয়েল মোলিনা জানিয়েছেন, নিহতদের মধ্যে ২১ জনের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
কলম্বিয়ার সামরিক বাহিনী জানায়, বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে। দুর্ঘটনার পরপরই আগুন ধরে যায় এবং এতে থাকা গোলাবারুদ বিস্ফোরিত হওয়ায় ক্ষয়ক্ষতি আরও বেড়ে যায়। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি ও উদ্ধার কার্যক্রম শুরু করে।
এ পর্যন্ত অন্তত ৪৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনও বহু আরোহী নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে, নিহতের সংখ্যা ৮০ জন ছাড়িয়ে যেতে পারে।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, দুর্ঘটনাটি কোনো সশস্ত্র গোষ্ঠীর হামলার ফল নয়। যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে এ দুর্ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।