ভারতে অবৈধভাবে অবস্থান ও অনুপ্রবেশের অভিযোগে আটক ৩৩ জন বাংলাদেশি নাগরিককে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠানো হয়েছে। রোববার (২২ মার্চ) সন্ধ্যা ৬টায় ভারতের পশ্চিমবঙ্গের হরিদাসপুর ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে তাদের হস্তান্তর করা হয়।
ভারতের ব্যুরো অব ইমিগ্রেশন সূত্রে জানা যায়, চেন্নাইস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের জারি করা ট্রাভেল পারমিট ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে এসব বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়। হস্তান্তরের সময় উভয় দেশের ইমিগ্রেশন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হবে।
বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন বলেন, স্থানীয় মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ ফেরত আসা ব্যক্তিদের গ্রহণ করবে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।
সংস্থাটির যশোর কার্যালয়ের ফিল্ড ফ্যাসিলিটেটর শফিকুল ইসলাম জানান, কাজের প্রলোভনে দালালদের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এসব বাংলাদেশি। পরে চেন্নাই এলাকায় অবস্থানের সময় ভারতীয় পুলিশের হাতে আটক হন তারা। আইনি প্রক্রিয়ায় এক থেকে চার বছর সাজা ভোগের পর শেল্টার হোমে রাখা হয়। পরবর্তীতে দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উদ্যোগে তাদের দেশে ফেরানো সম্ভব হয়েছে।