Skip to main content

Ridge Bangla

স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির দুই দিনের কর্মসূচি ঘোষণা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার (২২ মার্চ) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি তুলে ধরেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২৬ মার্চ ভোর ৬টায় নয়াপল্টনসহ সারা দেশের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। একই দিন ভোর ৫টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর বিএনপির পক্ষ থেকেও বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।

পুষ্পস্তবক অর্পণ শেষে ঢাকায় ফিরে দলের নেতাকর্মীরা মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের মাজার এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাবেন। সেখানে ফাতেহা পাঠ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে, যা জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে অনুষ্ঠিত হবে।

এর আগে, ২৫ মার্চ দুপুর ২টা ৩০ মিনিটে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ বিশিষ্টজনরা বক্তব্য রাখবেন।

এছাড়া স্বাধীনতা দিবস উপলক্ষে পোস্টার প্রকাশ ও ক্রোড়পত্র প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা, মহানগর, উপজেলা ও পৌর পর্যায়ে দলীয় ইউনিটগুলো নিজ নিজ উদ্যোগে আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচি পালন করবে। অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকেও পৃথক কর্মসূচি গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

This post was viewed: 33

আরো পড়ুন