Ridge Bangla

আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে ভারতীয় নাগরিক আহত

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ইরানের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় ধ্বংসাবশেষ পড়ে এক ভারতীয় নাগরিক আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হলেও স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রোববার রাতে আবুধাবির দিকে নতুন ধাপে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এর জবাবে সংযুক্ত আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় এবং আকাশেই ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করা হয়। তবে ধ্বংসপ্রাপ্ত অংশ নিচে পড়ে আবুধাবির আল শাওয়ামেখ এলাকায় এক ব্যক্তিকে আঘাত করে।

আবুধাবি মিডিয়া অফিস জানায়, ক্ষেপণাস্ত্রের খণ্ডিতাংশ পড়ে ওই ভারতীয় নাগরিক সামান্য আহত হন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং বর্তমানে তার চিকিৎসা চলছে। ঘটনার পরপরই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং এলাকায় সতর্কতা জারি করা হয়।

এদিকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা আরও বাড়ছে। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক সাক্ষাৎকারে দাবি করেন, হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা অবস্থানগুলো লক্ষ্য করে সামরিক অভিযান চালানো হচ্ছে। এসব স্থাপনা সম্পূর্ণ ধ্বংস না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, মার্কিন সামরিক বাহিনীর কার্যক্রম নিয়ে গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হচ্ছে, যা বাস্তব পরিস্থিতিকে পুরোপুরি প্রতিফলিত করে না।

This post was viewed: 4

আরো পড়ুন