কক্সবাজার সমুদ্র সৈকতের প্রাকৃতিক পরিবেশ ও সৌন্দর্য সংরক্ষণে বালিয়াড়িকে সম্পূর্ণ স্থাপনামুক্ত রাখার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। রোববার (২২ মার্চ) বিকেলে ঢাকায় ফেরার আগে সৈকতের সুগন্ধা পয়েন্টে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এ নির্দেশনা দেন।
পরিদর্শনকালে মন্ত্রী উচ্ছেদকৃত স্থানের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তিনি স্পষ্টভাবে জানান, সমুদ্র সৈকতের বালিয়াড়িতে কোনো ধরনের অবৈধ স্থাপনা রাখা যাবে না এবং ভবিষ্যতেও এ ধরনের দখলদারিত্ব কঠোরভাবে প্রতিরোধ করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজার সমুদ্র সৈকত দেশের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র এবং এর প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ন রাখা সরকারের অগ্রাধিকার। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় বালিয়াড়ি দখলমুক্ত রাখার বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
এর আগে কক্সবাজার সফরকালে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন। তারই ধারাবাহিকতায় জেলা প্রশাসনের উদ্যোগে সুগন্ধা ও কলাতলী পয়েন্টে অভিযান চালিয়ে বালিয়াড়ি দখলমুক্ত করা হয়।
তবে উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পুনর্বাসনের দাবি জানিয়েছেন। এ বিষয়ে মন্ত্রী বলেন, সরকারের সিদ্ধান্ত পরিবেশ রক্ষার পক্ষে এবং সৈকতের সৌন্দর্য বজায় রাখতে এ অবস্থান অব্যাহত থাকবে।