রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ও গুলিসহ সাফায়েত কবির (৪২) ও সবুজ মিয়া (২৫) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়।
রোববার (২২ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার হারুন অর রশীদ। তিনি বলেন, ভোরে গোপন তথ্যের ভিত্তিতে খিলগাঁওয়ের শেখের জায়গা এলাকায় অভিযান পরিচালনা করে সেখানে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেট কার থেকে দুই ব্যক্তিকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক সাফায়েত কবিরের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদক সংক্রান্ত চারটি মামলা রয়েছে। অপরদিকে সবুজ মিয়ার বিরুদ্ধে ডাকাতি ও চুরির অভিযোগে দুটি মামলা আছে।
এ ঘটনায় খিলগাঁও থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
This post was viewed: 5