Skip to main content

Ridge Bangla

মধ্যপ্রাচ্যে সংঘাতে নিহত ৫ জন বাংলাদেশি

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, সংকটাপন্ন দেশগুলো থেকে বাংলাদেশিদের পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনার উদ্যোগও চলছে।

শুক্রবার (২০ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবে নিহত প্রবাসী মোশারফ হোসেনের মরদেহ গ্রহণ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, যুদ্ধাবস্থায় থাকা দেশগুলোতে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার এবং এ লক্ষ্যে সংশ্লিষ্ট মিশনগুলো সার্বক্ষণিক কাজ করছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ শান্তিপূর্ণ সমাধানের পক্ষে এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে এ সংকট নিরসনের আহ্বান জানায়। পরিস্থিতি বিবেচনায় যারা দেশে ফিরতে চান, তাদের ধাপে ধাপে ফিরিয়ে আনা হবে।

এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সরকার প্রবাসীদের পাশে রয়েছে এবং নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে। নিহতদের পরিবারকে সাড়ে তিন লাখ টাকা এবং বিএমইটি কার্ডধারীদের জন্য অতিরিক্ত সহায়তার ব্যবস্থাও রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ৮ মার্চ সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন টাঙ্গাইলের সখীপুর উপজেলার বাসিন্দা মোশারফ হোসেন। শুক্রবার সকালে তার মরদেহ দেশে আনা হয়। সরকার জানিয়েছে, প্রবাসীদের নিরাপত্তা ও কল্যাণে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা অব্যাহত থাকবে।

This post was viewed: 29

আরো পড়ুন