Skip to main content

Ridge Bangla

ঈদের দিনে বিশ্বশান্তির আহ্বান ড. ইউনূসের

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২০ মার্চ) নিজের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।

বার্তায় তিনি বলেন, প্রায় দুই বিলিয়ন মুসলমান রমজানের সিয়াম সাধনা শেষে ঈদ উদযাপন করছেন। তবে এই আনন্দের সময়েও তার চিন্তা রয়েছে ইরান, লেবানন ও উপসাগরীয় অঞ্চলের সংঘাতে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি।

ড. ইউনূস উল্লেখ করেন, ইরানে চলমান সংঘাতে হাজারো মানুষ প্রাণ হারিয়েছেন এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তিনি বলেন, শান্তিপূর্ণ সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও সংঘাতের পথ বেছে নেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে এবং এর প্রভাব পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ছে। তিনি আশা প্রকাশ করেন, অবশেষে শান্তির জয় হবে এবং দীর্ঘদিনের সংঘাতের চক্রের অবসান ঘটবে।

তিনি ইরান, ফিলিস্তিন, লেবানন, উপসাগরীয় দেশ এবং ইসরায়েলের জনগণের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের পথ খুঁজে বের করার আহ্বান জানান।

বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত দেশের বহু প্রবাসী পরিবারের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। অনেক পরিবার তাদের স্বজনদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে। ইতোমধ্যে সংঘাতের প্রভাবে কিছু বাংলাদেশি প্রাণহানির ঘটনাও ঘটেছে বলে তিনি শোক প্রকাশ করেন।

বিশ্ব অর্থনীতির প্রভাব নিয়ে তিনি বলেন, যুদ্ধের কারণে খাদ্য ও জ্বালানি বাজার অস্থির হয়ে পড়েছে, যার সবচেয়ে বড় ভোগান্তি বহন করছে দরিদ্র জনগোষ্ঠী। মূল্যস্ফীতি ও ব্যয় বৃদ্ধি দারিদ্র্য আরও বাড়িয়ে দিচ্ছে বলে তিনি সতর্ক করেন।

শেষে তিনি বলেন, এই ঈদে বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হোক, এটাই তার প্রার্থনা। সহিংসতার চক্র বন্ধ না হলে মানবিক সংকট আরও গভীর হবে বলেও তিনি মন্তব্য করেন।

This post was viewed: 29

আরো পড়ুন