রাজধানী ঢাকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১,৭২০টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর মধ্যে ১২১টি ঈদগাহ ও ১,৫৯৯টি মসজিদে জামাতের আয়োজন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই বলেও আশ্বস্ত করেছে সংস্থাটি।
বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। তিনি জানান, জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে, যেখানে ৩৫ হাজারের বেশি মুসল্লি অংশ নেবেন। এছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে, যার প্রথমটি শুরু হবে সকাল ৭টায়। আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠসহ রাজধানীর বিভিন্ন স্থানেও জামাতের ব্যবস্থা রাখা হয়েছে।
ডিএমপি জানায়, ঈদ জামাতকে কেন্দ্র করে সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জাতীয় ঈদগাহ ও আশপাশের এলাকায় একাধিক স্তরের নিরাপত্তা বলয় থাকবে। প্রবেশপথে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হবে এবং পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে।
এছাড়া সোয়াট, ডিবি, সিটিটিসি সদস্য, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড মোতায়েন থাকবে। নারী মুসল্লিদের জন্য পৃথক প্রবেশ গেট ও নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।
ট্রাফিক ব্যবস্থাপনায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ডাইভারশন থাকবে। নির্ধারিত পার্কিংয়ের বাইরে যানবাহন না আনার আহ্বান জানানো হয়েছে।
সন্দেহজনক কিছু দেখলে পুলিশ বা ৯৯৯-এ জানানোর অনুরোধ জানিয়ে ডিএমপি বলেছে, ঈদকে কেন্দ্র করে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।