পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।
বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে এসেছে। তিনি আশা প্রকাশ করেন, এই ঈদ জাতির মধ্যে ঐক্য, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, জাতি এমন এক সময়ে ঈদ উদ্যাপন করছে, যখন দেশে নতুন সরকার গঠিত হয়েছে। জনগণের প্রত্যাশা, দেশে স্থায়ীভাবে গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকবে এবং কেউ স্বৈরাচারী আচরণের পুনরাবৃত্তি করবে না।
তিনি আরও বলেন, দেশকে দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজিমুক্ত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিক যেন নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারে, সে প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
শফিকুর রহমান বলেন, রমজান মাস মানুষকে তাকওয়া ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়, যা ব্যক্তি ও সমাজজীবনে প্রতিফলিত হওয়া জরুরি। ঈদের দিনে সব ভেদাভেদ ভুলে দয়া, ভালোবাসা ও সাম্যের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
বিবৃতির শেষাংশে তিনি দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন এবং সবাইকে আবারও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।