Ridge Bangla

আজ পবিত্র ঈদুল ফিতর

আজ শনিবার মুসলিম সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। টানা ৩০ দিন সিয়াম সাধনার পর সারা দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের আনন্দে মেতে উঠেছেন। ভোর থেকেই মসজিদ ও ঈদগাহগুলোতে নামাজ আদায়ের জন্য মানুষের ঢল নামে।

জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার দেশের কোথাও ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শনিবার সারাদেশে একযোগে ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেওয়া হয়। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। বৈঠক শেষে তিনি দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, ঈদুল ফিতর মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনকে সুদৃঢ় করে।

ঈদের দিন ভোর থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় ঈদগাহসহ বড় বড় জামাতে হাজারো মুসল্লি অংশ নিচ্ছেন। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হচ্ছে।

ঈদ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামমুখী মানুষের ঢল নেমেছে। একইসঙ্গে শহরেও স্বজনদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে ব্যস্ত সময় পার করছেন অনেকে। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হচ্ছে।

ত্যাগ, সংযম ও আত্মশুদ্ধির মাস রমজানের শিক্ষা ধারণ করে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে দেশবাসী উদযাপন করছে পবিত্র ঈদুল ফিতর।

This post was viewed: 7

আরো পড়ুন