Skip to main content

Ridge Bangla

ঈদ উপলক্ষে কারাগারে বন্দিদের জন্য বিশেষ খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের কারাগারগুলোতে বন্দিদের জন্য করা হয়েছে বিশেষ আয়োজন। প্রতি বছরের মতো এবারও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বন্দিদের জন্য উন্নত খাবার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্বজনদের সঙ্গে ফোনে যোগাযোগের সুযোগ রাখছে কারা অধিদপ্তর।

কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজধানী ঢাকাসহ দেশের মোট ৭৫টি কারাগারের মধ্যে ৭৩টিতে বর্তমানে বন্দি রয়েছেন। হাজতি ও দণ্ডপ্রাপ্ত বন্দি মিলিয়ে তাদের সংখ্যা প্রায় ৭৮ হাজার ৫০০।

ঈদের দিন বন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির জানান, সকালে নাস্তায় থাকবে পায়েস, সেমাই ও মুড়ি। দুপুরের খাবারে পরিবেশন করা হবে পোলাও, গরুর রেজালা। তবে যারা গরুর মাংস খান না এবং হিন্দু বন্দিদের জন্য থাকবে খাসির মাংস। পাশাপাশি থাকবে মুরগির রোস্ট, সেদ্ধ ডিম, মিষ্টান্ন, সালাদ এবং পান-সুপারি। রাতের খাবারে রাখা হয়েছে সাদা ভাত, রুই মাছ ও আলুর দম।

তবে নির্ধারিত এই মেনুর বাইরে কিছু কারাগার নিজেদের বরাদ্দ থেকে সামান্য কিছু পরিবর্তন এনে অতিরিক্ত কিছু আইটেম যুক্ত করতে পারে। অনেক কারাগারে মেনুতে বন্দিদের জন্য অতিরিক্ত হিসেবে কোমল পানীয়ও সরবরাহ করা হয়ে থাকে।

খাবারের পাশাপাশি ঈদের দিন বন্দিদের মানসিক প্রশান্তির দিকটিও গুরুত্ব দেওয়া হয়েছে। তারা স্বজনদের সঙ্গে ফোনে কথা বলার সুযোগ পাবেন, যা সাধারণত পাঁচ মিনিটের জন্য নির্ধারিত থাকবে। এছাড়া স্বজনদের রান্না করে আনা খাবার গ্রহণের সুযোগও রাখা হয়েছে।

ঈদের দিন কারাগারে অনুষ্ঠিত হবে ঈদের জামাত। নামাজের পর আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে বন্দিদের মধ্যকার শিল্পীরা গান পরিবেশন করবেন। এর পাশাপাশি খেলাধুলার ব্যবস্থাও করা হয়েছে। ঈদের পরদিন বন্দিদের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা রয়েছে।

এছাড়া ঈদের তিন দিনের মধ্যে বন্দিদের একবার স্বজনদের সঙ্গে সাক্ষাতের সুযোগ রেখেছে কারা কর্তৃপক্ষ।

This post was viewed: 31

আরো পড়ুন