কুমিল্লায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে, যেখানে একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয় ঢাকামুখী মেইল ট্রেন।
দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এ ঘটনার পরপরই রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারের জন্য আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন আনা হচ্ছে। উদ্ধার কার্যক্রম শেষ হলে দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, ঈদের দিন সাধারণত ট্রেন চলাচল সীমিত থাকে এবং এই মেইল ট্রেনটিই প্রধানত চলাচল করে। দুর্ঘটনাটি গভীর রাতে ঘটায় তাৎক্ষণিকভাবে অন্য কোনো ট্রেন আটকে পড়ার ঘটনা ঘটেনি। তবে পরবর্তী সময়ে ঢাকা ও চট্টগ্রাম থেকে নির্ধারিত ট্রেনগুলো কুমিল্লা এলাকায় পৌঁছাতে বিলম্ব হতে পারে।
জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী ‘মামুন পরিবহন’-এর একটি বাস পদুয়ার বাজার রেলক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী ট্রেনের সঙ্গে সংঘর্ষে পড়ে। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং হতাহতের ঘটনা ঘটে।