মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশপথে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় একাধিক দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের এ সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচলে।
এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৯ মার্চ) আরও ২৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে। সব মিলিয়ে গত ২০ দিনে বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১৪টিতে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশপথ বন্ধ থাকায় রাজধানী ঢাকা থেকে গত কয়েক দিনে ধারাবাহিকভাবে বহু ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি, ১১ মার্চ ২৭টি, ১২ মার্চ ২৮টি, ১৩ মার্চ ২৫টি, ১৪ মার্চ ২৪টি, ১৫ মার্চ ২৩টি, ১৬ মার্চ ২৮টি, ১৭ মার্চ ২৬টি, ১৮ মার্চ ২৬টি এবং ১৯ মার্চ (বৃহস্পতিবার) ২৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কুয়েতগামী ৪টি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ, ইউএই) ৬টি, গালফ এয়ারের (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি এবং এমিরেটস এয়ারলাইনসের ২টি ফ্লাইট। এছাড়া জাজিরা এয়ারওয়েজের ৪টি ও ফ্লাইদুবাইয়ের ৪টি ফ্লাইটও বাতিল করা হয়েছে।
বেবিচক জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট বাতিলের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।