Ridge Bangla

নীলসাগর এক্সপ্রেস দুর্ঘটনা, ট্রেন চলাচল স্বাভাবিক হতে লাগবে আরও ৮-১০ ঘণ্টা

ঢাকা থেকে নীলফামারীর চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় উদ্ধার কাজ শুরু হলেও রেল যোগাযোগ স্বাভাবিক হতে আরও ৮ থেকে ১০ ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বুধবার (১৮ মার্চ) রাত পৌনে ৮টার দিকে বগুড়ার আদমদীঘি উপজেলার বাগমারি এলাকায় দুর্ঘটনাস্থলে ঈশ্বরদী জংশন ও পার্বতীপুর থেকে আসা রিলিফ ট্রেন পৌঁছালে উদ্ধার কার্যক্রম শুরু হয়। এর আগে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন।

দায়িত্বরত এক রেল কর্মকর্তা জানান, লাইনচ্যুত বগিগুলো লাইনে তুলতে পুরো রাত লেগে যেতে পারে। বগি সরিয়ে রেললাইন সচল করতে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার দিন সকালে ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে চিলাহাটির উদ্দেশে যাত্রা করে। দুপুরে সান্তাহার জংশনে বিরতি শেষে তিলকপুরের দিকে যাওয়ার সময় আদমদীঘির বাগমারি এলাকায় হঠাৎ ৯টি বগি লাইনচ্যুত হয়।

এ ঘটনায় অন্তত ৬৬ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে ২০ জন নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া ৪০ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং আরও ছয়জনকে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়েছে।

This post was viewed: 5

আরো পড়ুন