Ridge Bangla

চার দিন বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেন

ঈদ-পরবর্তী সময়ে সেতু মেরামত কাজের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় চট্টগ্রামমুখী লেন চার দিন বন্ধ রাখা হবে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ জানিয়েছে, এতে কিছুটা দুর্ভোগের আশঙ্কা থাকলেও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

সওজ ফেনীর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে জারি করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রামপুর সেতুর মেরামত কাজ ২২ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত চলবে। এর মধ্যে ২২ থেকে ২৫ মার্চ পর্যন্ত চট্টগ্রামমুখী লেন সম্পূর্ণ বন্ধ থাকবে। পরবর্তী ২৬ থেকে ৩০ মার্চ পর্যন্ত এক লেনে যান চলাচল করবে।

বিকল্প হিসেবে কয়েকটি সড়ক ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে স্থানীয়দের মতে, এসব সড়কের বেশিরভাগই শহরের ভেতরের হওয়ায় ভারী যান চলাচলে সমস্যা হতে পারে এবং যানজটের আশঙ্কা রয়েছে।

পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ঈদের আগে ও পরে এই মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ত রুট। তাই লেন বন্ধ থাকলে যাত্রীদের ভোগান্তি বাড়তে পারে।

তবে সওজের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা জানান, ২০২৪ সালের বন্যায় সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় দ্রুত মেরামত জরুরি। ঈদের পর যানবাহনের চাপ কম থাকায় এই সময়কে কাজের জন্য উপযুক্ত ধরা হয়েছে। সাময়িক চাপ থাকলেও বড় ধরনের সমস্যা হবে না বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

This post was viewed: 6

আরো পড়ুন