সার্বিকভাবে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, পরিবহন খাতে কোথাও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যায়নি এবং যাত্রীরা নির্ধারিত ভাড়াতেই গন্তব্যে যাচ্ছেন।
বুধবার (১৮ মার্চ) রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, কিছু পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়েও ২০ থেকে ৩০ টাকা কম নিচ্ছে। পরিবহনগুলো সময়মতো ছেড়ে যাচ্ছে এবং যাত্রীদের কোনো ধরনের ভোগান্তি তৈরি হয়নি। এখন পর্যন্ত কোথাও বড় ধরনের যানজট বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, টার্মিনালগুলোতে পুলিশ বুথ স্থাপন করা হয়েছে। কেউ বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যাত্রীরা শৃঙ্খলার সঙ্গে ঢাকার বাইরে যাচ্ছেন এবং পরিবহন ব্যবস্থা মোটামুটি স্বাভাবিক রয়েছে।
জ্বালানি তেল পরিস্থিতি নিয়েও তিনি আশ্বস্ত করেন। মন্ত্রী জানান, ১৫ মার্চ রাত ১১টা থেকে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ করা হচ্ছে। ফলে গণপরিবহন চলাচলে কোনো ঘাটতি নেই।
তিনি আরও জানান, যমুনা সেতু দিয়ে আগের দিনের তুলনায় প্রায় ৩২ হাজার বেশি যানবাহন পারাপার হয়েছে এবং সব যানবাহনই প্রয়োজনীয় জ্বালানি পেয়েছে। কোথাও জ্বালানি সংকট হলে অভিযোগ জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।