পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সিরাজগঞ্জসহ উত্তরাঞ্চলের মানুষ এখন বাড়ি ফিরতে শুরু করেছে। এতে যমুনা সেতু পশ্চিমপাড়ের মহাসড়কে যানবাহনের চাপ ক্রমাগত বাড়ছে। তবে চাপ বাড়লেও কোথাও যানজট না থাকায় স্বস্তিতে গন্তব্যে ফিরছেন ঈদযাত্রীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত যমুনা সেতুর পশ্চিমপাড় এলাকায় দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবুও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং কোনো বড় ধরনের স্থবিরতা দেখা যায়নি। চালক ও যাত্রীদের মতে, মহাসড়কের ফোর লেন সুবিধা চালু থাকায় যান চলাচল এখন অনেক বেশি নির্বিঘ্ন হচ্ছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় উপস্থিতি ও নিয়মিত টহলের কারণে যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক হয়েছে।
দূরপাল্লার বাস চালকরা জানান, যানবাহনের চাপ বাড়লেও দ্রুতগতিতে চলাচল করতে পারায় যাত্রীরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন। এতে ঈদযাত্রায় এক ধরনের স্বস্তি ফিরে এসেছে।
যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিনুল ইসলাম এবং হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানান, মঙ্গলবার ভোর থেকে মহাসড়কে যানবাহনের চাপ অনেক বেড়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং যাত্রীরা নিরাপদে গন্তব্যে পৌঁছাচ্ছেন। তারা আরও জানান, পুলিশের বিশেষ টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। প্রায় ৬ শতাধিক পুলিশ সদস্য মহাসড়কে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তারাও নিয়মিত পরিদর্শনে রয়েছেন।