চট্টগ্রামের উপকূলীয় অঞ্চলে বিভিন্ন সময়ে আত্মসমর্পণকারী জলদস্যুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে র্যাব-৭। বুধবার (১৮ মার্চ) নগরের পতেঙ্গা এলাকায় এক মতবিনিময় সভার মাধ্যমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
র্যাব জানায়, দক্ষিণ বঙ্গোপসাগরসংলগ্ন এলাকায় অপরাধ দমন অভিযানের অংশ হিসেবে বিভিন্ন সময়ে মোট ১২৭ জন জলদস্যু তাদের কাছে আত্মসমর্পণ করে। আত্মসমর্পণকারীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ধারাবাহিকভাবে সহায়তা প্রদান করছে সংস্থাটি।
এরই অংশ হিসেবে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মহেশখালী, কুতুবদিয়া, বাঁশখালী ও পেকুয়া এলাকার আত্মসমর্পণকারীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা, স্থানীয় প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় অংশ নিয়ে সাবেক জলদস্যুরা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় তারা অপরাধ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে সক্ষম হয়েছেন। র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, পুনর্বাসন কার্যক্রম অব্যাহত থাকায় উপকূলীয় অঞ্চলে অপরাধের চিত্রে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হচ্ছে।