Ridge Bangla

সান্তাহারে রেললাইন মেরামত শেষ, স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল

বগুড়ার আদমদীঘির সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হওয়ার পথে। লাইনচ্যুত ৯টি বগি সরিয়ে নেওয়ার পর রেললাইন মেরামতের কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা সোয়া ১১টা থেকে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় প্রধান প্রকৌশলী আহমেদ হোসেন মাসুম জানান, দুর্ঘটনাকবলিত বগিগুলো রেললাইন থেকে সরিয়ে নিরাপদ স্থানে রাখা হয়েছে। এখন ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামত করা হচ্ছে। কাজ শেষ হলেই লাইনে ট্রেন চলাচল শুরু করা সম্ভব হবে।

এর আগে বুধবার সন্ধ্যায় ঈশ্বরদী ও পার্বতীপুর থেকে দুটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। রাতভর উদ্ধার তৎপরতা চালিয়ে বগিগুলো সরানো হয়। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, দ্রুততম সময়ে রেল যোগাযোগ স্বাভাবিক করাই এখন মূল লক্ষ্য।

বুধবার দুপুর ২টার দিকে সান্তাহার জংশন এলাকার বাগবাড়ী দক্ষিণপাড়ায় ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়। এতে শতাধিক যাত্রী আহত হন। আহতদের আদমদীঘি ও নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার পর রেলওয়ে, পুলিশ ও ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট উদ্ধার অভিযানে অংশ নেয়। এদিকে ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সান্তাহার সহকারী স্টেশন মাস্টার শহিদুল ইসলাম রঞ্জুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ট্রেনের চালক পলাতক থাকায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ।

This post was viewed: 6

আরো পড়ুন