রাজধানীর বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনাকে আধুনিকায়নে উন্নত প্রযুক্তি ব্যবহারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৭ মার্চ) বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
বৈঠকে বুয়েটের বিশেষজ্ঞ এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকরা উপস্থিত ছিলেন। ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক মো. আব্দুস সালাম জানান, বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মীদের উৎসাহ দিতে প্রধানমন্ত্রী প্রথমবারের মতো তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ঈদ বোনাস প্রদান করেছেন। এ সময় বর্জ্য ব্যবস্থাপনায় প্রয়োজনীয় যন্ত্রপাতি বিদেশ থেকে আমদানির পরিবর্তে দেশে তৈরি করার বিষয়ে গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে বুয়েটের বিশেষজ্ঞদের সম্পৃক্ত করে দেশীয় প্রযুক্তি উন্নয়নের নির্দেশনা দেওয়া হয়।
ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, বর্জ্য ব্যবস্থাপনা ও সড়ক উন্নয়নে ধারাবাহিক কার্যক্রম চালানো হচ্ছে। পাশাপাশি মশা নিয়ন্ত্রণে খাল পরিষ্কারসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
বুয়েটের যন্ত্র প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. এহসান জানান, বর্জ্য পরিবহন ব্যবস্থায় অটোমেশন বাড়াতে ইলেকট্রনিক থ্রি-হুইলার ব্যবহারে জোর দেওয়া হয়েছে।