Ridge Bangla

প্রবাসী রেমিট্যান্সে দ্রুত গতি, ১৪ দিনে দেশে এলো ২২০ কোটি ডলার

চলতি মার্চের প্রথম ১৪ দিনে প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্স প্রবাহ গতিশীল হয়েছে। এই সময়ে দেশে এসেছে মোট ২২০ কোটি ৪৪ লাখ মার্কিন ডলার। প্রতি ডলার ১২২ টাকা হিসেবে এটি দেশীয় মুদ্রায় প্রায় ২৭ হাজার কোটি টাকার সমতুল্য।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে সোমবার (১৬ মার্চ) এ তথ্য প্রকাশ করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, মার্চের প্রথম ১৪ দিনে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে দেশে এই রেমিট্যান্স এসেছে। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৭ কোটি ২৪ লাখ ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে পাঠানো হয়েছে ২৭ কোটি ২৮ লাখ ডলার।

বেসরকারি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে, যা হয়েছে ১৫৫ কোটি ৪৫ লাখ ডলার। বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৫ লাখ ডলার।

এর আগে, ফেব্রুয়ারি মাসেও দেশে প্রবাসী আয় উল্লেখযোগ্য ছিল। গত মাসে দেশে এসেছে ৩০২ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স। প্রতি ডলার ১২২ টাকা হিসেবে যা দেশীয় মুদ্রায় ৩৬ হাজার কোটিরও বেশি। বিশেষজ্ঞরা বলছেন, বিদেশে কর্মরত প্রবাসীদের আয়ের ধারাবাহিকতা এবং রেমিট্যান্স প্রেরণায় সহজ ও নির্ভরযোগ্য ব্যাংকিং ব্যবস্থা দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে। এই প্রবাহ আগামী দিনে আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

This post was viewed: 7

আরো পড়ুন