নাটোরের লালপুরে অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদ করায় এক কৃষি শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আব্দুস সামাদ উপজেলার কদিমচিলান এলাকার মোমিন মন্ডলের ছেলে। এ ঘটনায় ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহতের বাবা মোমিন মন্ডল জানান, গত ১২ মার্চ কদিমচিলান বাজারে তার ছেলে রুহুল আমিন ও তার ভাই তরিকুল ইসলামের রড-সিমেন্টের দোকানে সিমেন্ট কিনতে যান। এ সময় বাজারমূল্যের চেয়ে বেশি দাম দাবি করলে সামাদ প্রতিবাদ করেন। এতে বাকবিতণ্ডার একপর্যায়ে দোকানে থাকা রড দিয়ে ৪-৫ জন মিলে তাকে এলোপাথাড়ি মারধর করে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে ৬ দিন চিকিৎসাধীন থাকার পর আজ মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে লালপুর থানায় দুই ব্যবসায়ী ভাইসহ অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম জানান, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মারধরের পর একটি মামলা হয়েছিল। এখন ৩০২ ধারা যুক্ত করে মামলাটি আদালতে উপস্থাপন করা হবে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।