Ridge Bangla

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে- এই বিশ্বাস থেকেই সরকার কৃষি ও গ্রামীণ উন্নয়নে নানা উদ্যোগ বাস্তবায়ন করছে বলেও তিনি উল্লেখ করেন।

সোমবার (১৬ মার্চ) বিকেলে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ায় খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পানি সম্পদ মন্ত্রণালয় ও দিনাজপুর জেলা বিএনপি যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।

তারেক রহমান বলেন, সাহাপাড়া খাল পুনঃখনন প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ খালটি দিয়ে প্রায় ৩১ হাজার কৃষক সরাসরি সেচ সুবিধা পাবেন। এতে প্রায় ১ হাজার ২০০ হেক্টর জমি সেচের আওতায় আসবে এবং প্রায় সাড়ে তিন লাখ মানুষ বিভিন্নভাবে উপকৃত হবেন। তিনি আশা প্রকাশ করেন, খালটি চালু হলে কৃষি উৎপাদন উল্লেখযোগ্য হারে বাড়বে।

প্রধানমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে পানি সংরক্ষণ, সেচব্যবস্থা উন্নয়ন এবং কৃষি উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হবে। তিনি আরও বলেন, কৃষকদের সহায়তায় ‘কৃষক কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে এবং দেশের চার কোটি পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিও বাস্তবায়ন করা হচ্ছে।

This post was viewed: 8

আরো পড়ুন