Ridge Bangla

ঈদযাত্রা নির্বিঘ্নে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে: আইজিপি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা সুষ্ঠু ও নিরাপদ করতে পুলিশের সব ইউনিট মাঠে থাকবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা অনিয়মের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান আইজিপি। তিনি বলেন, প্রতিবছর ঈদযাত্রায় যাত্রীদের নানা দুর্ভোগ পোহাতে হয়। দীর্ঘ যানজট, অতিরিক্ত ভাড়া আদায় ও সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারা- এসব সমস্যা সমাধানে এবার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

আইজিপি জানান, সড়ক ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করতে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে পুলিশ। গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও বাজার এলাকায় যানজট নিরসনে বাড়তি নজরদারি থাকবে। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদেরও সম্পৃক্ত করা হচ্ছে।

তিনি আরও বলেন, চালক ও সহকারীদের ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সচেতনতা জরুরি। সামান্য অসচেতনতার কারণে বড় ধরনের যানজট সৃষ্টি হয়। টার্মিনাল এলাকায় ছিনতাইকারী ও মাদকসেবীদের তৎপরতা রোধে বিশেষ নজরদারির কথা জানিয়ে আইজিপি বলেন, দেশের সব ইউনিটকে নির্দেশ দেওয়া হয়েছে, যেন ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সর্বোচ্চ প্রস্তুতি থাকে।

This post was viewed: 29

আরো পড়ুন