পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, পূর্বের রেশনিং পদ্ধতি প্রত্যাহার করে সরকার এখন পর্যাপ্ত জ্বালানি সরবরাহে তৎপর রয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) পটুয়াখালীর গলাচিপায় রাবনাবাদ নদীর ওপর ‘রাবনাবাদ সেতু’র ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, জ্বালানি সংকট একটি বৈশ্বিক সমস্যা হলেও সরকার পরিস্থিতি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিয়েছে।
তিনি আরও বলেন, ঈদযাত্রায় স্বস্তি নিশ্চিত করতে সরকারের বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। স্বল্প সময়ে বিপুলসংখ্যক মানুষ ঢাকা ছাড়লেও যাত্রা নির্বিঘ্ন রাখতে প্রস্তুতি নেওয়া হয়েছে।
এদিন বরিশালের বাকেরগঞ্জে ‘গোমা সেতু’ উদ্বোধন করে মন্ত্রী বলেন, অবকাঠামোগত উন্নয়ন দেশের অগ্রগতির জন্য অপরিহার্য। গোমা সেতু চালু হওয়ায় বরিশাল ও পটুয়াখালীর মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হয়েছে, যা স্থানীয় মানুষের ভোগান্তি কমাবে। মন্ত্রী জানান, দেশের নৌপথ সচল রাখতে নিয়মিত ড্রেজিং কার্যক্রম চালানো হচ্ছে এবং ভবিষ্যতে আরও বিস্তৃত পরিকল্পনা রয়েছে।