দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৬ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর এলাকায় সাহাপাড়া খাল খননের মাধ্যমে তিনি এই কর্মসূচির সূচনা করেন।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী পাঁচ বছরে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখননের কাজ বাস্তবায়ন করা হবে। নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে এই বৃহৎ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এর আগে সকাল ১০টার দিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং উষ্ণ অভ্যর্থনা জানান। পরে তিনি দিনাজপুরে গিয়ে সাহাপাড়া খাল খনন প্রকল্পের উদ্বোধন করেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই কর্মসূচির মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে। এছাড়া খাল ও নদী পুনরুদ্ধারের মাধ্যমে বন্যা নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।