পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মঙ্গলবার (১৭ মার্চ) থেকে শুরু হচ্ছে টানা সাত দিনের ছুটি। সে হিসেবে সোমবার (১৬ মার্চ) ঈদের আগে সরকারি অফিস-আদালতের শেষ কর্মদিবস।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ দেশে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদ উপলক্ষে সরকার ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাত দিনের ছুটি ঘোষণা করেছে।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২১ মার্চ ঈদের দিন সাধারণ ছুটি থাকবে। এছাড়া ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা হয়েছে। ফলে ঈদের আগে ও পরে মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি আগে থেকেই নির্ধারিত ছিল।
এর সঙ্গে ১৭ মার্চ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদরের ছুটি যুক্ত হয়েছে। মাঝখানে ১৮ মার্চ অফিস খোলা থাকার কথা থাকলেও ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ওই দিনটিও ছুটি ঘোষণা করা হয়। গত ৮ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে ১৮ মার্চ সাধারণ ছুটি ঘোষণা করে।
এর ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ঈদের ছুটি উপভোগ করবেন। এতে ঈদযাত্রায় ঘরমুখো মানুষের চাপ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।