বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন।
সোমবার (১৬ মার্চ) দুপুর আড়াইটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘‘মাননীয় প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানাই’’। ডা. শফিকুর রহমান বলেন, ‘‘বাংলাদেশ একসময় নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত ছিল। নদীগুলো সচল থাকায় নৌপথে চলাচল, পণ্য পরিবহন ও কৃষিক্ষেত্রে পানি সরবরাহ স্বাভাবিক ছিল। মৎস্য সম্পদ সংরক্ষণ, বর্ষাকালে পানি প্রবাহ সঠিক থাকায় বন্যা ও দুর্ভোগ কম হতো।’’
তিনি উল্লেখ করেন, ‘‘স্বাধীনতার পর প্রধান নদী ও খাল ভরাট হওয়ার কারণে বর্ষাকালে অকাল বন্যা ও শুকনো মৌসুমে পানির অভাব দেখা দেয়। শহর ও নগরেও পানির তলিয়ে যাওয়া এবং কৃষিক্ষেত্রে পানি সংকট নিত্য সমস্যার সৃষ্টি করে।’’ ডা. শফিকুর রহমান বলেন, ‘‘দেশ বাঁচাতে প্রধান নদীতে পর্যাপ্ত ড্রেজিং ও নাব্যতা ফিরিয়ে আনা গুরুত্বপূর্ণ। খাল খনন কার্যকর হবে কেবল তখনই, যখন নদীগুলো প্রাণ ফিরে পাবে এবং স্বচ্ছতার সঙ্গে বাজেট বাস্তবায়ন হবে। অন্যথায় জনগণ কাঙ্ক্ষিত সুফল পাবে না।’’