নতুন সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন টাঙ্গাইল–৮ আসনের সংসদ সদস্য আহমেদ আযম খান। এছাড়া পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের দফতর পুনর্বণ্টন করা হয়েছে। তিনি পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের সঙ্গে ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করবেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। গেজেটে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের ১৭ ফেব্রুয়ারি ও ৪ মার্চের প্রজ্ঞাপনমূলে প্রধানমন্ত্রী মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্ব/দফতর পুনর্বণ্টন করেছেন। প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস ১৯৯৬-এর নিয়ম অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে দুপুরে নতুন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন আহমেদ আযম খান। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বিরতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ করান। আহমেদ আযম খান বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিনের রাজনৈতিক কার্যক্রমে পরিচিত। তার নতুন দায়িত্বের সঙ্গে মুক্তিযুদ্ধবিষয়ক নীতি প্রণয়ন, পরিচালনা এবং দেশের মুক্তিযুদ্ধ সম্পর্কিত কার্যক্রম সমন্বয় করাই প্রধান লক্ষ্য।