Skip to main content

Ridge Bangla

জুলাই সনদের আংশিক নয়, পুরো প্যাকেজ চাই: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, তাঁদের দল জুলাই জাতীয় সনদের আংশিক নয়, সম্পূর্ণ বাস্তবায়ন চায়। তিনি বলেন, জুলাই সনদ অনুযায়ী বিরোধী দলের যে অধিকার প্রাপ্য রয়েছে, সেটুকু নিশ্চিত করার দাবি জানিয়েছে দলটি।

বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনের পশ্চিম ব্লকের ৯ম তলায় বিরোধীদলীয় সভাকক্ষে অনুষ্ঠিত বিরোধীদলীয় সংসদীয় দলের বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াতে ইসলামী দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সংসদে ভূমিকা রাখতে চায়। সরকার কোনো ভুল করলে বিরোধী দল পরামর্শ দেবে এবং প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদ জানাবে।

বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারি দলের উচিত জুলাই আন্দোলনের প্রতি সম্মান জানিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করা। এতে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা সহজ হবে বলে তিনি মনে করেন।

ডা. শফিকুর রহমান বলেন, আসন্ন সংসদ অধিবেশনে স্পিকার বিরোধী দলকে সংসদে যথাযথ সুযোগ দেবেন- এমন প্রত্যাশা রয়েছে তাঁদের। সংসদে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ প্রসঙ্গে দলের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বিষয়ে সময় হলে জাতি তাঁদের অবস্থান জানতে পারবে।

This post was viewed: 26

আরো পড়ুন