Skip to main content

Ridge Bangla

হরমুজ প্রণালিতে ৩ কার্গো জাহাজে হামলা

পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে তিনটি কার্গো জাহাজে হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত বস্তুর আঘাতে জাহাজগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং বেশিরভাগ নাবিককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

বুধবার (১১ মার্চ) ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, অজ্ঞাত বস্তুর আঘাতে তিনটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি জাহাজে আগুন লাগলেও তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এতে কোনো পরিবেশগত ক্ষতির খবর পাওয়া যায়নি।

সামুদ্রিক নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, থাইল্যান্ডের পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ‘মায়ুরি নারি’ ওমান উপকূল থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল উত্তরে হামলার শিকার হয়। জাহাজটির অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনার পর প্রয়োজনীয় সংখ্যক নাবিক সেখানে অবস্থান করছেন।

এর আগে জাপানের পতাকাবাহী কন্টেইনার জাহাজ ‘ওয়ান ম্যাজেস্টি’ সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহর প্রায় ২৫ নটিক্যাল মাইল উত্তর-পশ্চিমে সামান্য ক্ষতিগ্রস্ত হয়। জাহাজটির নাবিকরা নিরাপদ রয়েছেন এবং এটি নিরাপদ নোঙরস্থলের দিকে অগ্রসর হচ্ছে।

এ ছাড়া দুবাইয়ের প্রায় ৫০ মাইল উত্তর-পশ্চিমে মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ‘স্টার গুইনেথ’ও অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মেরিটাইম ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভ্যানগার্ড।

This post was viewed: 38

আরো পড়ুন