চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী গ্রামে কবরস্থানের গেট নির্মাণকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনা সোমবার মাগরিবের নামাজের পর ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হায়দার আলী জানান, মাধবখালী গ্রামের মন্ডলপাড়া ও খানপাড়ার মাঝে মসজিদ রয়েছে। মসজিদ কমিটির সভাপতি মনিরুল ইসলাম দীর্ঘদিন দায়িত্ব পালন করতেন। পটপরিবর্তনের পর নতুন কমিটি গঠিত হলে মনিরুল গং ক্ষিপ্ত হয়ে ওঠে। মসজিদের সঙ্গে মন্ডলপাড়ার কবরস্থান অবস্থিত। সোমবার গেট নির্মাণ কাজ শুরু হলে মনিরুল গ্রুপ বিকেলে গালাগালি শুরু করে। সন্ধ্যার পর হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ১০ জন আহত হন। গুরুতর আহতদের মধ্যে রয়েছে খান জাহান খান (৪৫)।
আহতরা হলেন রোজিনা (৪২), নাজমা (৫০), তৃষ্ণা (৩২), জেরিন (১৭), উকিল (৫০), সামাদ (৫২), দূর্জয় (২৫), মান্নান (৩৮) ও লিখন (১৮)।
মন্ডলপাড়ার নাজমা খাতুন জানান, মসজিদের সীমানা প্রাচীর ভেঙে কবরস্থানের গেটে ‘খানপাড়া’ নাম লেখা হবে। এক পাড়ার নাম দেওয়াকে কেন্দ্র করেই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, গুরুতর আহত খান জাহান খানকে যশোর হাসপাতালে পাঠানো হয়েছে।