Ridge Bangla

প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন: পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের হতদরিদ্র মানুষের কল্যাণে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করেছেন। এই কার্যক্রমে কোনো ধরনের দুর্নীতির সুযোগ দেওয়া হবে না এবং সরকার দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে বান্দরবানের লামা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রকৃত সুবিধাভোগীরা যাতে তাদের অধিকার পান, তা নিশ্চিত করা সরকারের নৈতিক দায়িত্ব। তালিকা প্রণয়নের ক্ষেত্রে সমাজের ঝুঁকিপূর্ণ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ভূমিহীন পরিবার, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের মানুষ, বেদে সম্প্রদায় ও প্রান্তিক কৃষকদের অন্তর্ভুক্ত করে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে নারীদের হাতে কার্ড তুলে দিয়ে তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা হচ্ছে।

তিনি জানান, ইতোমধ্যে দেশব্যাপী ১৪টি উপজেলায় প্রায় ৩৭ হাজার নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে। লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ১ হাজার ৯৭টি পরিবারের নারীর হাতে কার্ড তুলে দেওয়া হয়েছে। কার্ডভুক্ত প্রতিটি পরিবার মাসিক ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছেন।

This post was viewed: 7

আরো পড়ুন