Ridge Bangla

চার হাজারের বেশি ইয়াবাসহ বিমানবন্দরে গ্রেফতার ১ জন

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে তার কাছ থেকে মোট ৪ হাজার ৩৬৪টি অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম সাইদুল ইসলাম। সোমবার (৯ মার্চ) বিমানবন্দর থানার আওতাধীন বোর্ডিং ব্রিজের ৫ নম্বর স্ক্যানিং মেশিন পার হওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় তার কাঁধে থাকা ব্যাগের ভেতর কার্বন ও স্কচটেপে মোড়ানো অবস্থায় পলিথিন প্যাকেটে লুকিয়ে রাখা ইয়াবা ট্যাবলেটগুলো খুঁজে বের করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, জব্দ করা ইয়াবাগুলো সৌদি আরবে অবস্থানরত তার ভাই নুরুল আমিনের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল। তদন্তে আরও জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে ইয়াবা বিদেশে পাচার এবং বিদেশ থেকে দেশে স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন।

ডিএনসির উপপরিচালক শামীম আহম্মেদ জানান, আটক ব্যক্তি একটি সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

This post was viewed: 6

আরো পড়ুন