আপাতত জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে সমসাময়িক জ্বালানি পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, দেশে অকটেন ও পেট্রোলের প্রকৃত কোনো সংকট নেই। পেট্রোল সম্পূর্ণভাবে দেশেই উৎপাদন ও পরিশোধন করা হয় এবং অকটেনের সিংহভাগও স্থানীয়ভাবে পরিশোধিত হয়। কেবল আংশিক অকটেন আমদানি করতে হয়। মূলত ডিজেল ও ফার্নেস অয়েলের ক্ষেত্রে আমদানিনির্ভরতা বেশি। তবু পেট্রোল পাম্পে মোটরবাইক ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি উদ্বেগ-উৎকণ্ঠা থেকেই সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি জানান, নির্ধারিত দুটি জ্বালানিবাহী জাহাজের একটি ইতোমধ্যে দেশে পৌঁছেছে এবং অন্যটি থেকে জ্বালানি খালাসের প্রক্রিয়া চলছে। আগামী ১২ মার্চ আরও একটি জাহাজ আসবে। ভারত থেকে পাইপলাইনে জ্বালানি সরবরাহ অব্যাহত রয়েছে এবং প্রয়োজন হলে সরবরাহ বাড়ানোর অনুরোধ করা হয়েছে।
রোজা ও ঈদকে সামনে রেখে জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সচেষ্ট রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। অসাধু চক্রের তৎপরতা নিয়ন্ত্রণে নজরদারি জোরদার করা হয়েছে। প্রয়োজনে সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করে ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।