একটি সরকারি কবরস্থানের মাটি ভরাট প্রকল্প থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে ঝালকাঠির নলছিটি পৌরসভার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আওলাদ হোসেনের বিরুদ্ধে। ঝালকাঠির জেলা প্রশাসকের কাছে মঙ্গলবার (১০ মার্চ) এ বিষয়ে লিখিত অভিযোগ পাঠিয়েছেন নলছিটি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ অলিউল ইসলাম নামে এক ব্যক্তি।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, পৌরসভার মল্লিকপুর সরকারি কবরস্থানে মাটি ভরাটের জন্য টিআর কর্মসূচির এক প্রকল্পে প্রায় ১ লাখ ১৫ হাজার টাকা অনুমোদন দেওয়া হয়। তবে কাজ বাস্তবায়নের সময় অতিরিক্ত খরচের কথা বলে প্রকল্প সংশ্লিষ্টদের কাছ থেকে মোট ৯ হাজার টাকা ঘুষ নেওয়া হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে।
অভিযোগদাতা অলিউল ইসলাম দাবি করেন, নানা চাপ ও কাজের স্বার্থে তারা বাধ্য হয়ে টাকা দিয়েছেন। ধর্মীয় উন্নয়নমূলক কাজে এ ধরনের অনিয়ম অনৈতিক এবং সরকারি সেবার নীতিমালার পরিপন্থি বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত কর্মকর্তা আওলাদ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি প্রথমে ফোন ধরলেও পরে সাংবাদিক পরিচয় জানার পর ফোন কেটে দেন। পরে একাধিকবার ফোন করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।
ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন জানান, বিষয়টি তদন্তের জন্য উপযুক্ত কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে পাঠানো হবে। পরবর্তীতে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।