Ridge Bangla

মেক্সিকো থেকে রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি

মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম. মুশফিকুল ফজল আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে বদলি করা হয়েছে। তাকে অনতিবিলম্বে বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।

গত রোববার (৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক মো. আবুল হাসান মৃধা স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আদেশ অনুযায়ী, রাষ্ট্রদূত আনসারী ও তাঁর পরিবারের সদস্যরা প্রযোজ্য বিধি অনুযায়ী ভ্রমণ ব্যয় ও সংশ্লিষ্ট অন্যান্য ভাতা পাবেন।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, মেক্সিকোতে দায়িত্ব পালন করা রাষ্ট্রদূত আনসারীর পাশাপাশি আরও কয়েকটি দেশে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া রাষ্ট্রদূতদের প্রত্যাহার করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন পর্তুগালে নিযুক্ত এম. মাহফুজুল হক, পোল্যান্ডে দায়িত্ব পালনকারী মো. ময়নুল ইসলাম এবং মালদ্বীপে নিযুক্ত মো. নাজমুল ইসলাম।

একই সঙ্গে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকেও প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের সময়ে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া এই চার রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে দ্রুত ঢাকায় ফিরে এসে সদর দপ্তরে যোগ দেওয়ার জন্য পৃথকভাবে নির্দেশ দেওয়া হয়েছে।

This post was viewed: 5

আরো পড়ুন